
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে দুই ইঞ্জিনবিশিষ্ট একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক শিক্ষানবিশ পাইলট ও একজন কো-পাইলট নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পর বিমানটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার সময় শিক্ষানবিশ পাইলট মারা যায়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান কো পাইলট। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, মাঠের ওই অংশ ঘিরে রেখেছে পুলিশ। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানটি কোন বেসরকারি সংস্থা পরিচালনা করত, সে তথ্যও এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমান দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি তাদের আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন তিনি।