ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার পুড়েছে ২৪টি স্কুল

১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার পুড়েছে ২৪টি স্কুল

ফ্রান্সে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি স্থানীয় আন্দোলন জাতীয় বিক্ষোভে রূপ নিয়েছে। এরইমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি সম্পদের ক্ষতিসাধন ও পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ হাজারেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

গত ১৮ দিনে আন্দোলনকারীরা রাজধানী প্যারিসসহ বিভিন্ন জেলায় মোট ২৪টি স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বিক্ষোভের তেজ কমাতে গতকাল দেশজুড়ে প্রায় ৫০০ স্কুল সাময়িকভাবে বন্ধ করেছে ফ্রান্সের সরকার। গত রোববার এই ঘোষণা দিয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দো জেফ্রে জানান, নিরাপত্তাজনিত কারণে এই স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার; কারণ সরকার মনে করছে, এই অবস্থায় স্কুলগুলোর কার্যক্রম চালানোর মতো পরিবেশ নেই। তবে স্কুল বন্ধ করলেও উত্তেজনা হ্রাসের কোনো দৃশ্যমান আলামত এখনও দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ এবং মিছিল অব্যাহত রেখেছে।

ফ্রান্সে মোট হাইস্কুল-জুনিয়র স্কুলের সংখ্যা ৩ হাজার ৭০০টি। বিক্ষোভ শুরুর পর প্রথমদিকে প্রায় ৪০০টি স্কুল বন্ধ করেছিল সরকার; রোববার এসব স্কুলের সঙ্গে যোগ হলো আরও ৫০০ স্কুল।

প্যারিসের শহরতলী এলাকার একটি হাই স্কুলে ১৭ সেপ্টেম্বর এই অস্থিরতা শুরু হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা অপর্যাপ্ত শিক্ষক এবং স্কুলের দীর্ঘ সময়সীমার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করেন। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা বা 'ক্লাস সাইজ' নিয়েও অভিযোগ উঠেছিল। পরে এই বিক্ষোভই রাজধানীসহ বিভিন্ন জেলার স্কুলগুলোতে ছড়িয়ে পড়ে এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শত শত শিক্ষক ও শিক্ষার্থী। বর্তমানে এ আন্দোলন পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়েছে।

গত রোববার এক সংবাদ সম্মেলনে জেফ্রে জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৭০ জন শিক্ষার্থী এবং ৭৮ জন শিক্ষক-স্কুল কর্মী আহত হয়েছেন এবং ২৪টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত