
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। গত মঙ্গলবার কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
মিসরের সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর একটি ক্রেন দিয়ে বাসটি সরানো হয়। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের ভাঙা ধাতব অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। যাত্রীদের আসনগুলোও সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। বাসের ধ্বংসাবশেষ ট্রাকের পেছনের অংশেও আটকে ছিল।
মিসরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। মিসরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন। গত মাসে সিনাইয়ে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। তাদের মধ্যে ১০ জন ছিলেন জর্ডানের পর্যটক। আর আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। তাদের মধ্যে অনেক শিশু ছিল।