ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কিউবার ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রতি ডব্লিউএইচও প্রধানের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রতি ডব্লিউএইচও প্রধানের আহ্বান

ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। শনিবার তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি'র।

চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র কিউবার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিতে তেল সরবরাহ বন্ধে অবরোধ কার্যকর করেছে। এতে কিউবার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আরও তীব্র হয়েছে।

সম্প্রতি কিউবা সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেড্রোস লিখেছেন, কিউবা থেকে এইমাত্র ফিরলাম। সেখানে যা দেখেছি, তা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি আরও লিখেছেন, হাসপাতালের করিডোরগুলোতে ছোট ছোট শিশুর হাত, তাদের চোখে বুকভরা স্বপ্ন ও বেঁচে থাকার আশা। স্বাস্থ্যকর্মীরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিরোধের মূল্য কোনো শিশুকেই দিতে হওয়া উচিত নয়। টেড্রোস বলেন, শিশুদের স্বার্থেই আমি যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

চলতি সপ্তাহে ডব্লিউএইচও প্রধান জানান, কমিউনিস্ট শাসিত কিউবায় মানুষের গড় আয়ু ২০২০ সালের ৭৮ দশমিক ৮ বছর থেকে কমে ২০২৫ সালে ৭৪ দশমিক ৪ বছরে দাঁড়িয়েছে। ১৯৫০ সালে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর দেশটিতে গড় আয়ু কমার ঘটনা এবারই প্রথম।

তবে ২০২৫ সালের এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ আরোপের আগের। গত জানুয়ারিতে ওই অবরোধ কার্যকর করা হয়।

ছয় দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ওপর নতুন এ অবরোধ কিউবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। এর ফলে দেশটির সরকারি সেবাব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত