প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৫ অক্টোবর, ২০২৬
মুফতি আব্দুল্লাহ মাসুম
সিনিয়র সহকারী মুফতি
জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা
প্রশ্ন : ভাড়া নির্ধারণ করে কেউ রিকশায় চড়লো। পথিমধ্যে যানজটের কারণে নেমে পড়তে হলো। এ ক্ষেত্রে ধার্যকৃত পূর্ণ ভাড়া দিতে হবে নাকি যতটুকু আসা হয়েছে, ততটুকুর ভাড়া দিলেই হবে?
উত্তর : যতটুকু রাস্তা অতিক্রম করা হয়েছে, ততটুকুর ন্যায্য ভাড়া দিলেই হবে। পুরো ভাড়া দেওয়া আবশ্যক নয়। (আদ্দুররুল মুখতার : ৬/৬১, মাজাল্লাতু আহকামিল আদলিয়্যা : ৫১৬)।
প্রশ্ন : আমার এক বন্ধু আমাকে ১২ হাজার টাকা দিয়ে একটি নির্দিষ্ট মডেলের মোবাইল কিনতে দিলো। এরপর আমি আমার মামার দোকান থেকে ওই মোবাইলটি কিনলাম। মামা বললো, মোবাইলটির নির্ধারিত দাম থেকে ৫০ শতাংশ দাম কম দিলেও হবে, বাকিটা তোমাকে দিতে হবে না। মামা যেহেতু আমার খাতিরে দাম কম রেখেছেন, তাই ওই টাকা কি আমি নিজে রেখে দিতে পারবো?
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধু যেহেতু আপনাকে মোবাইল ক্রয়ের জন্য প্রতিনিধি বানিয়েছে, তাই অতিরিক্ত টাকা আপনার জন্য গ্রহণ করা বৈধ হবে না। বরং প্রতিনিধি হিসেবে তা আপনার বন্ধুকেই ফিরিয়ে দিতে হবে। তবে এ ধরনের কাজ করে দেওয়ার বিনিময়ে শুরুতেই পারিশ্রমিক নির্ধারণ করে নেওয়া যাবে। (ফতোওয়ায়ে হিন্দিয়া : ৪৯৯)।
প্রশ্ন : এক লোক বিভিন্নজনের জমি বিক্রি করে দেয়। বিনিময়ে তাদের কাছ থেকে সে নির্দিষ্ট হারে কমিশন গ্রহণ করে থাকে। সাধারণত জমির মালিক একটি নির্দিষ্ট দাম বলে দেন। ওই লোক সেই দামেই গ্রাহকের কাছে জমির মালিকের প্রতিনিধি হয়ে জমি বিক্রি করে। তবে কখনও নির্ধারিত দামের চেয়ে বেশি দামেও বিক্রি করে। এ ক্ষেত্রে কমিশনের বাইরে উক্ত অতিরিক্ত টাকাও কি ওই লোক রেখে দিতে পারবে?
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে নির্ধারিত কমিশনের বাইরে গ্রাহক থেকে অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করা বৈধ হবে না। বরং জমির মালিক কর্তৃক নির্ধারিত মূল্যেই জমি বিক্রি করতে হবে। এর অধিক দামে বিক্রি করলে তা জমির মূল্য হিসেবে ধর্তব্য হবে; যা জমির মালিককে ফিরিয়ে দিতে হবে। যদি সেখান থেকে কিছু রাখতে হয়, তবে আলাদা করে জমির মালিকের কাছ থেকে অনুমোদন নিতে হবে। (মাজাল্লাতু আহকামিল আদলিয়্যা : ৫৭৮)।