ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অর্থনীতির গল্প

অর্থনীতির গল্প

মুনজির ইবনে জারির (রা.)-এর পিতার সূত্রে বর্ণিত; তিনি বলেন, আমরা দিনের প্রথমভাগে রাসুল (সা.)-এর কাছে এলাম। এমন সময় তার কাছে কয়েকজন খালি পা ও বিবস্ত্র লোক এলো। পরনে তাদের পশমের ডোরাকাটা চাদর অথবা চামড়ার 'আবা' ছিল। তাদের তরবারিগুলো নিজেদের গলায় ঝুলিয়ে রেখেছিল। তারা অধিকাংশ বা সবাই মুদার গোত্রের ছিল। দুর্ভিক্ষের কারণে তাদের এ করুণ দশা। তাদের দেখে রাসুল (সা.)-এর চেহারা বিষণ্ণ হয়ে গেল। তিনি বাড়ির ভেতর ঢুকলেন। এরপর বেরিয়ে এসে বেলাল (রা.)-কে আজান দিতে বললেন। নামাজের পর রাসল (সা.) উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ভাষণ দিলেন।

কোরআনের এ আয়াত তেলাওয়াত করলেন, 'হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু'জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের কাছে চেয়ে থাক। আত্মীয়তার ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।' (সুরা নিসা : ১)। এরপর তিনি এ আয়াত পাঠ করলেন, 'হে মোমিনরা! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামীকালের জন্য সে কি পাঠাবে, তা চিন্তা করা। আল্লাহকে ভয় করতে থাক। তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন।' (সুরা হাশর : ১৮)। সুতরাং তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন নিজ দিনার-দিরহাম, কাপড়, এক সা গম, ও এক সা খেজুর দান করে। অন্তত এক টুকরো খেজুর হলেও যেন দান করে।

রাসুল (স.)-এর এমন কথা শুনে আনসারিদের একজন একটি থলি নিয়ে এলো। তার দান করা দেখে অন্যান্যরাও সারিবদ্ধভাবে একের পর এক দান করতে লাগল। একটা সময় খাদ্যদ্রব্য ও কাপড়ের দুটি স্তুপ পূর্ণ হয়ে গেল। এটা দেখে রাসুল (সা.)-এর চেহারা মোবারক খাঁটি সোনার মতো চকচক করতে লাগল। এগুলো তিনি তাদের দিয়ে দিলেন। আর উপস্থিত লোকদের বললেন, 'মনে রেখ, যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম প্রথা বা কাজের প্রচলন করবে, সে তার এ কাজের সওয়াব পাবে। তার পরে যারা তার এ কাজ দেখে দেখে করবে, সে এর বিনিময়েও সওয়াব পাবে। তবে এতে তাদের সওয়াবের কোনো অংশ কমানো হবে না। আর যে ব্যক্তি ইসলামের পরিপন্থী কোনো খারাপ প্রথা বা কাজের প্রচলন করবে, তাকে তার কাজের বোঝা (গোনাহ বা শাস্তি) বহন করতে হবে। তারপর যারা তাকে অনুসরণ করে এ কাজ করবে, তাদের সমপরিমাণ বোঝাও তাকে বইতে হবে। তবে এতে তাদের অপরাধ বা শাস্তির কোনো অংশ কমানো হবে না। (মুসলিম : ২৩৫১)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত