ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদশে সচিবালয়ে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবনের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কারণে ফাটল দেখা দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের পাশ ঘেঁষে অবস্থিত সচিবালয়ের পশ্চিমণ্ডউত্তর প্রান্তে এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সচিবালয়ের ১ নম্বর ভবনের কয়েকটি স্থানে ফাটল তৈরি হয়েছে। ১০ তলায় ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেওয়ালে বড় ধরনের ফাটল। সেখানে পলেস্তারা নিচে পড়ে যায়। একই সঙ্গে একতলা উপরে দশম তলায় ১০০ নম্বর কক্ষের সামনের দেওয়ালের মাঝামাঝি ফাটল দেখা গেছে। এ দুটি তলায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেন। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শত কোটি টাকায় নির্মিত এই নতুন ভবনে ফাটল অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ এটি চালু হওয়ার এক বছর পার হয়নি।

ফাটলের কারণে এ ভবনে অফিস করা কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের আতঙ্কের কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে ভবন সংকট থাকায় ২০ তলা বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। গত শুক্রবার সকালের ভূমিকম্পে পুরনো ভবনে ফাঁটল দেখা যায়নি, অথচ নতুন ভবনে ফাঁটল তৈরি হয়েছে। এতে আমার মতো অনেকে আতঙ্কে আছেন। আগামীতে যখন ভূমিকম্প হবে, তখন তো নতুন ভবনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন।

জানা গেছে, সচিবালয়ে নির্মিত ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পর চলতি বছরের মে মাসে এ ভবনের কার্যক্রম শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, এক নম্বর ভবনে ইটের নির্মিত ৫ ইঞ্চি দেওয়ালের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে। অন্য কয়েকটি ভবনেও এমন ফাটল রয়েছে। এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। শিগগির এ ফাঁটল মেরামত করা হবে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন আলোকিত বাংলাদেশকে বলেন, এক নম্বর ভবনের ফাটল আমরা দেখেছি। বিশেষজ্ঞরা এটি পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। ইটের তৈরি ৫ ইঞ্চি পুরু দেওয়ালে এই ফাটলগুলো দেখা দিয়েছে। পিলারসহ ভবনের যে মূল স্ট্রাকচার সেখানে এমন কোনো ফাটল দেখা যায়নি। তাই যে ফাটলগুলো দেখা দিয়েছে, সেগুলো ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবন। নির্মাণকাজ শেষ হওয়ার পর চলতি বছরের মে মাসে এ ভবনের কার্যক্রম শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়। ৪৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় দুটি বেজমেন্টসহ ২০ তলা সুপার স্ট্রাকচার বিশিষ্ট অফিস ভবনের নির্মাণকাজ গত ডিসেম্বরে শেষ হয়। প্রসঙ্গত, শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীতে। পরে রাজধানীতে আরও দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত