ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ইসিতে প্রার্থিতা ফিরে পেতে ১৩১ জনের আপিল

ইসিতে প্রার্থিতা ফিরে পেতে ১৩১ জনের আপিল

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) দিনভর ছিল উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবার নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে চলেছে আবেদন গ্রহণ। শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে স্থাপিত অস্থয়ী কেন্দ্রীয় আপিল বুথ থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শেষ দিনে সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হয়। তবে প্রার্থিদের ভিড় বাড়ায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চলে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হয়। সেটা যতক্ষণই লাগুক, আমরা তা শেষ করেছি। ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়ে। এর মধ্যে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, সংশোধিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। শুনানি কার্যক্রম আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়া হবে। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত