
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময়ে এই বর্জনের দিয়েছেন তিনি। আসনটিতে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির অভিযোগে এই আসনে বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা হারান। এরপর ৪ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন এসে জসিম উদ্দিন গণমাধ্যমে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোট গ্রহণের শেষ সময় বিকেল সাড়ে চারটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বর্জনের ঘোষণা দেন তিনি।
ফেসবুক লাইভে জসিম উদ্দিন বলেন, ‘আজকে আপনারা দেখেছেন, আমাদের বড়শালঘর, রসুলপুর, ইউসুফপুর, সুবিল, মাশিকারা, ফতেহপুর ইউনিয়নগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মী যারা কেন্দ্রে গিয়েছিল, তাদের আহত করা হয়েছে। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে, সারা দিন টাকা দিয়ে ভোট কিনেছে। এখন শেষ মুহূর্তে এসে তারা নিজেরা নিজের ভোট কাটছে। আমি দেবীদ্বারের জনগণের সার্বিক বিষয়ে বিবেচনা করে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে এই নির্বাচনকে বর্জন করলাম।’