ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটিতে ২ প্রস্তাব অনুমোদিত

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটিতে ২ প্রস্তাব অনুমোদিত

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি (সিসিজিপি) বিদ্যুৎ ও গ্রামীণ অবকাঠামো খাতের দু’টি উন্নয়ন প্রস্তাব অনুমোদন করেছে। এসব প্রস্তাবের সম্মিলিত আর্থিক মূল্য ২৫৭ কোটি টাকার বেশি।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিসিজিপির চলতি বছরের ৩০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকীকরণ’ প্রকল্পের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। প্যাকেজ নম্বর জিডি-৬ (পি-০৬)-এর আওতায় রংপুর জোনে ৯টি ৩৩/১১ কেভি এআইএস সাবস্টেশন আপগ্রেডেশনের নকশা প্রণয়ন, সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও কমিশনিং কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ১৪১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ কাজের ঠিকাদার হিসেবে অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এইইএল) যৌথ উদ্যোগকে নির্বাচন করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের ‘গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের একটি ভ্যারিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। পঞ্চগড় জেলার বোদা উপজেলায় প্যাকেজ নম্বর সিআইবি২-প্যান-ডব্লিউ-৩০ এর আওতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বাস্তবায়নাধীন কাজের জন্য এ ভ্যারিয়েশন অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। ভ্যারিয়েশনের ফলে এতে আরো ৬ কোটি ৯ লাখ টাকা যোগ হয়ে ব্যয় ৫ দশমিক ৫৪ শতাংশ বেড়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ টাকা। অনুমোদিত প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে।

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন : দেশের সরকারি ক্রয় কার্যক্রমকে ফলপ্রসূ ও অর্থবহ করার লক্ষ্যে সুপারিশ প্রদানের নিমিত্ত একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ গেজেটে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এছাড়াও কমিটির আরও সদস্য হিসেবে রয়েছেন-মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

প্রজ্ঞাপনে কমিটির তিন দফা কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- এক. অর্থনৈতিকবিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করা। দুই. পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ তা অধিকতর কার্যকর করার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন। তিন. অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত