
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে সহায়তা করছে সংস্থাটি। বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার খাল পুনঃখননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করছেন। খালটির নাব্যতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বিমানবন্দরের রানওয়ে ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পানি দ্রুত অপসারণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।