
চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে বন্যায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় সব সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে ত্রাণ বাবদ ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রমে বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ডসহ সরকারি বিভিন্ন বাহিনীকে নিয়োজিত রাখা হয়েছে। একই সঙ্গে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মাহদী আমিন জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে ওষুধ, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।