ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বরিশালে জমি নিয়ে বিরোধে ভাগ্নেকে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশালে জমি নিয়ে বিরোধে ভাগ্নেকে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সৎ মামা, তার স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নগরের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব পুরানপাড়া বটতলা ছোট মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি জহিরুল ইসলাম। ঘটনার পর নিহতের সৎ মামার ঘরে আগুন দেওয়া হয় বলে কাউনিয়া থানার এসআই হরষিত মণ্ডল জানিয়েছেন। নিহত মো. কামরুল ইসলাম রাঢ়ী (৫২) ওই এলাকার হাওলাদার বাড়ির মালেক রাঢ়ীর ছেলে। আটকরা হলেন— কামরুলের সৎ মামা আনোয়ার হোসেন হাওলাদার, আনোয়ারের স্ত্রী খাদিজা বেগম এবং ছেলে মিরাজ হোসেন।

কামরুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আনোয়ারকে থাকার জন্য দুই শতাংশ জমি দিয়েছেন কামরুলের মা। কিন্তু তিনি ছয় শতাংশ জমি দখল করে রেখেছেন। এ নিয়ে সালিশে মীমাংসা না হওয়ায় ৮ থেকে ১০ বছর ধরে আদালতে মামলা চলছে। তিনি বলেন, "সকালে ওই জমিতে প্রাচীর নির্মাণের জন্য কাজ শুরু করেন কামরুল। এ সময় কাজে বাধা দেন আনোয়ার ও তার দুই ছেলে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার ও মিরাজ আমার স্বামীকে মারধর শুরু করেন।

"তখন আনোয়ারের অপর ছেলে সুরুজ বাটুল দিয়ে পেছন থেকে কামরুলকে কোপ দেন। এতে কামরুল পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তখনও তাকে মারধর করা হয়।" পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান সাবিনা। আক্ষেপ করে তিনি বলেন, "আদালত যদি বিচার করতো, তাহলে স্বামীকে হারাতে হতো না। এদেশে কি বিচার হবে জানি, যদি ফাঁসি হয় শান্তি পাব।"

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত