
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 'জেড ওয়েল হেলথকেয়ার ইনভেস্টমেন্ট সামিট'। ৮ নভেম্বর সন্ধ্যায় পল্টনের একটি রেস্টুরেন্টে এ সামিট অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত জেড ওয়েল স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে আধুনিক, উন্নত ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেড ওয়েল গ্রুপের চেয়ারম্যান এবং এ. খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক। এ ছাড়া অনুষ্ঠানে প্রজেক্ট পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন পল্টন ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ রাজু খান।
সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো. ইমরুল আলী এবং অধ্যাপক ডা. মাহমুদ আলম। তারা স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা, সংক্রমণ নিয়ন্ত্রণ, ক্লিনিক্যাল টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন।
পল্টন ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্ল্যাহ রাজু খান বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল, বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত অতিথি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।