
আগামী ১৩ ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা এবং টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
গতকাল বুধবার সকালে পরিবার পরিকল্পনা সেবার সংকট : দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেরি স্টোপস বাংলাদেশ ও সমকাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এম এ মুহিত বলেন, বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। মাঝে-মধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে। আমরা দায়িত্ব নেওয়ার পরই জরুরিভিত্তিতে দরপত্র আহ্বান করেছি এবং এরইমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এই নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।