
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনী কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে। প্রস্তুতির শেষ ধাপে গতকাল রোববার থেকে তিনদিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে ইসি। আগামী ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে ইসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। ইসির শীর্ষ কর্মকর্তার জানান, নির্বাচনের ৪৫ দিন আগে ডিসেম্বরের প্রথম দিকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
ইসির কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের প্রচেষ্টা থাকবে ইসির। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তারা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী ইউপি নির্বাচন হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন হবে। যথাসময়ে নির্বাচন না হওয়ার কোনো কারণ আমরা দেখছি না উল্লেখ করে তিনি বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে রোববার থেকে আমরা পরপর তিনদিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করব। আগামী ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা হবে।