ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ত্রয়োদশ সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে

ত্রয়োদশ সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। নির্বাচনে জয়লাভের পর নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও এখনো জাতীয় সংসদের অধিবেশন বসার অপেক্ষায় রয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। রাজনৈতিক অঙ্গনে নতুন সংসদের কার্যক্রম ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। সংশ্লিষ্টরা বলছেন, এবারের সংসদ অধিবেশন হবে জমকালো ও প্রাণবন্ত। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও শক্ত অবস্থান নিয়ে সংসদে গঠনমূলক বিতর্ক, সমালোচনা ও প্রস্তাবনার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা সাধারণ মানুষের। বিশেষ করে আইন প্রণয়ন, নীতিনির্ধারণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংসদ সদস্যরা জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গণতন্ত্রের বিকাশে কার্যকর সংসদীয় চর্চার বিকল্প নেই। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্র হিসেবে সংসদকে আরও কার্যকর করতে হবে। নতুন সরকারের সামনে যেমন উন্নয়ন ও সংস্কারের চ্যালেঞ্জ রয়েছে, তেমনি সংসদকে কার্যকর ও ফলপ্রসূ করে তোলাও বড় দায়িত্ব। এখন দেখার বিষয়, অধিবেশন শুরু হলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ।

শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে। তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিনদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় পরদিন। সে হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন মঙ্গলবার ফেব্রুয়ারি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরইমধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মো. নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গৃহীত জুলাই জাতীয় সনদ অনুযায়ী, এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার কথা রয়েছে। বিএনপির নির্বাচনি ইশেতেহারেও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি রয়েছে।

অধিবেশনে সভাপতিত্ব : সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তার আগে ভাষণটি মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। প্রথম অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন। তবে এবার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে আলোচনা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন। তাদের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি ও বিরোধী দল আলোচনা করে জ্যেষ্ঠ একজন সদস্যকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারও তেমন কোনো প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে জ্যেষ্ঠ কোনো সদস্যের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হতে পারে। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শেষ হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের ফল ঘোষণা হয়নি। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়েছে। বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ এবং তাদের মিত্ররা তিনটি আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২ এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত