ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সামাজিকমাধ্যম চালাতে টাকা

সামাজিকমাধ্যম চালাতে টাকা

বিনামূল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দিন কি তবে ফুরিয়ে আসছে? মেটা প্ল্যাটফর্মের জনপ্রিয় তিন মাধ্যম- ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে যুক্ত হতে যাচ্ছে সাবস্ক্রিপশন মডেল। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির উন্নত সেবা এবং বিশেষ কিছু ফিচারের জন্যই ব্যবহারকারীদের পকেট থেকে অর্থ গুণতে হতে পারে।

তথ্য আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে মেটা। জানা গেছে, ‘গবহধং অও’ নামের একটি এআই সংস্থাকে প্রায় ১৯ হাজার কোটি টাকায় অধিগ্রহণের পর, সেই প্রযুক্তির ব্যয়ভার ও আয় বাড়াতে মেটা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সূত্র মতে, সাধারণ এবং জরুরি পরিষেবাগুলো আগের মতোই বিনামূল্যে থাকবে। তবে যারা উন্নত এআই ফিচার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য নির্দিষ্ট ফি নির্ধারণ করা হতে পারে।

সাবস্ক্রিপশন নেওয়া গ্রাহকদের জন্য ইনস্টাগ্রামে থাকবে বাড়তি সুবিধা। প্রিমিয়াম ব্যবহারকারীরা ইচ্ছে মতো যেকোনো সংখ্যক অ্যাকাউন্ট অনুসরণ করতে পারবেন। এমনকি যারা তাদের অনুসরণ করেন না, তাদের স্টোরিও দেখার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মেটা মূলত তাদের এআই অ্যাসিস্ট্যান্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ সেবার ওপর ফি আরোপ করতে আগ্রহী। তবে মেটা কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত