
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সাথে সুইস দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে সুইস বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং নবায়নযোগ্য জ্বালানি (গ্রিন এনার্জি), দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।