
কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) স্থাপনা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালকে ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ টাকার চুক্তি দেওয়ার একটি প্রস্তাব বুধবার অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি কমিটির কাছে উপস্থাপন করে এবং কমিটি চলতি বছরের ৪৬তম সভায় এর অনুমোদনের সুপারিশ করে। প্রস্তাবিত চুক্তির মূল্য প্রযোজ্য কর ও শুল্কসহ প্রায় ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ টাকা।
এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির আওতায় স্থাপনাটির অফশোর ও অনশোর সুবিধাগুলো, এর সামুদ্রিক সেবা ও সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। পেট্রোলিয়াম আমদানি ও পরিবহন স্থাপনা এসপিএম অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বহনকারী বড় মাদার ভেসেলগুলোকে একটি ভাসমান অফশোর মুরিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি খালাসের সুযোগ দেওয়ার জন্য নির্মিত।
একজন অপারেটর নিয়োগের ফলে এসপিএম নিয়মিত কার্যক্রমে যেতে পারবে এবং বিপিসি আমদানি করা অপরিশোধিত তেল ও ডিজেল সরাসরি খালাস ও পরিবহনের জন্য অবকাঠামোটি ব্যবহার করতে পারবে বলে আশা করা হচ্ছে। বুধবারের সভায় সিসিজিপি সভায় প্রায় ৩ হাজার ৭৪৮ কোটি টাকা ব্যয়ে দু'টি বড় অবকাঠামো ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
প্রথম প্রস্তাবের আওতায়, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মমাণ' শীর্ষক প্রকল্পের সড়ক, সেতু ও কালভার্টের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণের জন্য ১১৮ কোটি ৩৩ লাখ টাকার একটি চুক্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপস্থাপিত ক্রয় প্রস্তাবটি সিলেট সড়ক জোন ও হবিগঞ্জ সড়ক বিভাগের অধীনে প্যাকেজ ডব্লিউপি-১৪ (০৫/ডিইভি/প্যাক-ডব্লিউপি-১৪/ওটিএম/এইচআরডি-২০২৫-২৬, টেন্ডার আইডি-১২৮৫০৬৯) সংক্রান্ত। সুপারিশকৃত দরদাতা আইসিসিএল-বেলাল জেভি, যা ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং মেসার্স বেলাল কনস্ট্রাকশন জেভি নিয়ে গঠিত। চুক্তির মূল্য প্রায় ১১৮ কোটি ৩৩ লাখ টাকা।
প্রকল্পটির লক্ষ্য ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসন ও পুনর্র্নিমাণ করা। কমিটি ইনভেস্ট বাংলাদেশ বাস্তবায়নাধীন 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প'-এর আওতায় ৩ হাজার ৬২৯ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের একটি বড় অবকাঠামো প্যাকেজ অনুমোদনেরও সুপারিশ করেছে।
'আনোয়ারা, চট্টগ্রামে ইপিসি ভিত্তিতে সড়ক (প্রস্থ ১০ মিটার), সড়ক (প্রস্থ ২৪ মিটার), জলাধার, ডিআরএসসহ গ্যাস সরবরাহ (১টি), কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (১টি), বহুমুখী জেটি (১টি), কঠিন বর্জ্য সংগ্রহ কেন্দ্র, সীমানাপ্রাচীর, ট্রান্সমিশন লাইনসহ সাবস্টেশন (৩৩/১১ কেভি)' শীর্ষক ক্রয় প্যাকেজটির প্যাকেজ নম্বর সিইআইজেড-পিবিসি-ডব্লিউডি।
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রস্তাবটি উপস্থাপন করে। চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)-কে প্যাকেজটির সফল দরদাতা হিসেবে সুপারিশ করা হয়েছে। প্যাকেজটির আওতায় চট্টগ্রামের আনোয়ারায় ইপিসি ভিত্তিতে ১০ মিটার ও ২৪ মিটার প্রস্থের সড়ক, একটি জলাধার, ডিআরএসসহ গ্যাস সরবরাহ সুবিধা, একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার, একটি বহুমুখী জেটি, একটি কঠিন বর্জ্য সংগ্রহ কেন্দ্র, একটি সীমানাপ্রাচীর এবং ট্রান্সমিশন লাইনসহ একটি ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। সিসিজিপি উভয় ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।