
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশের তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গতকাল রোববার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) আয়োজনে বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জন্য সময়োপযোগী ও প্রথম ধরনের উদ্যোগ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বায়েরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বায়েক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় আন্তর্জাতিক মান বজায় রেখে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ক্রিটিক্যালিটি ১১ অক্টোবর সফলভাবে অর্জিত হয়েছে। শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, পারমাণবিক খাতে শুধু বিদ্যুৎ উৎপাদনই শেষ কথা নয়; এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্কৃতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি একা নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এ জন্য সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষিত ও সচেতন করে প্রাতিষ্ঠানিক এবং পরিচালনাগত— উভয় পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইএইএর বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। দ্বিধা বা সংকোচ না রেখে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি বিজ্ঞানীদের দক্ষতার প্রশংসা করে বিজ্ঞান সচিব বলেন, আইএইএসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ন্যায্য অবস্থান ও অংশীদারত্ব নিশ্চিত করতে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।