ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন জুবাইদা রহমানের

স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন জুবাইদা রহমানের

স্বাস্থ্যকেন্দ্র, প্রবীণ পরিচর্যা কেন্দ্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। গত বুধবার জুবাইদা রহমান একটি হাসপাতাল, একটি হোম কেয়ার নার্সিং সেন্টার ও টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। সেদিন জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুবাইদা রহমান। গত বুধবার সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন জুবাইদা রহমান। এ সময় তাঁকে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করা হয়। সেখানে দাঁড়িয়ে বা বসে সিটি স্ক্যান করার সুবিধা রয়েছে। বিশ্বে হাতে গোনা কয়েকটি স্থানে থাকা এ ধরনের সিটি স্ক্যানার সম্পর্কে ধারণা নেন জুবাইদা রহমান। এ ছাড়া পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়। পরে জুবাইদা রহমান টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম কেয়ার নার্সিং সেন্টার হোঙ্গো পরিদর্শন করেন। সেখানে তিনি নার্সিং ও পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গত বুধবার দুপুরে ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন জুবাইদা রহমান। সেখানে তিনি জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন দেখেন।

বিকালে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের নাগোয়া শহরে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেন তিনি। গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে জাপানে যান জুবাইদা রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত