
পোশাকশ্রমিকদের আন্দোলনে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা আরও বাড়ার আগেই তাদের দাবি মেটাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে অতি দ্রুত সরকারকে তার কর্তব্য পালন করতে হবে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলনের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে তারা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে এবং কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বল্প বেতনে শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবি বিবেচনায় নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। শ্রমিকদের নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, তাদের ন্যায্য অধিকারের পক্ষে তিনি আছেন। মালিকপক্ষকে শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
পোশাকশিল্পকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে তিনি বলেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।