ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বকেয়া আদায়ে কঠোর বিটিআরসি

নিয়ম লঙ্ঘনকারী অপারেটরদের জরিমানা
বকেয়া আদায়ে কঠোর বিটিআরসি

দেশের টেলিকম খাতে আর্থিক শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর্থিক স্বচ্ছতা এবং লাইসেন্সের নিয়মকানুন প্রতিপালন নিশ্চিত করতে সংস্থাটি বকেয়া রাজস্ব আদায়, শর্ত অমান্যকারী অপারেটরদের জরিমানা ও সেবা সীমিতকরণের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। বিটিআরসির সর্বশেষ কমিশন সভায় গৃহীত এসব পদক্ষেপের আওতায় রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এবং ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি)। বিটিআরসির সরকারি নথিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কমিশনের মূল নজর এখন আইআইজি অপারেটরদের ব্যবহৃত আনবিল্ড ব্যান্ডউইথের বকেয়া টাকা আদায়ের দিকে। একটি নিরীক্ষায় ২৬টি অপারেটরের বিরুদ্ধে মোট ৯ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৪৪ টাকা পাওনা হিসাব করা হয়েছে। এই বিশাল অংকের টাকার মধ্যে এ পর্যন্ত মাত্র ৫১ লাখ ১৪ হাজার লাখ টাকা আদায় হয়েছে এবং বাকি ৮ কোটি ৯৬ লাখ টাকা এখনও বকেয়া রয়েছে। বকেয়া থাকা অপারেটরদের মধ্যে সাইবারগেট লিমিটেড ৫ লাখ টাকা পরিশোধের পর তাদের বকেয়া দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজার টাকা। কমিশন বাকি ৩৮ লাখ ১৯ হাজার টাকা ১৫ শতাংশ বার্ষিক বিলম্ব ফি সাপেক্ষে ১২টি সমান মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়েছে।

অন্যদিকে, আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড তাদের ৯৬ লাখ ২৬ হাজার টাকা পাওনার বিপরীতে ২৫ লাখ টাকা পরিশোধ করেছে। প্রতিষ্ঠানটিকে বাকি ৭১ লাখ ২৬ হাজার টাকা ১২টি সমান কিস্তিতে পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ২১ লাখ ১৩ হাজার টাকা বকেয়া থাকা পিয়ারেক্স নেটওয়ার্কস লিমিটেডকে এক মাসের সময় বর্ধিতকরণ সুবিধা দেওয়া হয়েছে।

একই সাথে অন্যান্য বেশ কয়েকটি আইআইজি অপারেটরের বকেয়া পাওনা আদায়ের জন্য বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, ম্যাক্সনেট অনলাইন, ম্যাক্সহাব লিমিটেড, ইন্ট্রাগ্লোব কমিউনিকেশন লিমিটেড, ১ এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন লিমিটেড, বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড, ইক্যুইটেল কমিউনিকেশন লিমিটেড, রেডিয়ান্ট কমিউনিকেশন লিমিটেড, রেগো কমিউনিকেশন লিমিটেড এবং প্ল্যানেট ইন্টারনেট গেটওয়ে লিমিটেড।

পৃথক এক সিদ্ধান্তে, বেনাপোলে বিটিআরসির অনুমোদন ছাড়াই অবৈধ টিসিএলএস পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) পরিচালনা এবং অবকাঠামো শেয়ার করার দায়ে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেডকে জরিমানা করেছে কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৫(৫) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয় এবং আগামী ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের জন্য কোম্পানিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। মূল সভার কার্যবিবরণীতে সংখ্যা এবং কথায় লেখার ক্ষেত্রে অমিল থাকায় উক্ত টাকার পরিমাণটি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর কাছে আনবিল্ড ব্যান্ডউইথ চার্জ বাবদ বকেয়া থাকা ২ কোটি ৬৪ লাখ টাকা আদায়ে একটি আনুষ্ঠানিক তাগিদপত্র জারি করেছে কমিশন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) খাতে স্বয়ংক্রিয় ডাটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) বাধ্যতামূলক তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। আইএসপি লাইসেন্সিং নির্দেশিকা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী, অপারেটরদের আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম ব্যান্ডউইথের ব্যবহার, গ্রাহক সংখ্যা এবং নেটওয়ার্ক পারফরম্যান্স সংক্রান্ত তথ্য আপলোড করা বাধ্যতামূলক।

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ডিআইএস-এ তথ্য জমা না দেওয়ায় ১১৬টি অকার্যকর বা আইন অমান্যকারী আইএসপি লাইসেন্সধারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। অপারেটরদের প্রতিক্রিয়া ও কমপ্লায়েন্সের ওপর ভিত্তি করে কমিশন বিভিন্ন ধরনের জরিমানা আরোপ করেছে। যারা নোটিশের জবাব দিয়েছে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করেছে, তাদের মধ্যে বিভাগীয় পর্যায়ের একটি অপারেটরকে ২০ হাজার টাকা, জেলা পর্যায়ের একটি অপারেটরকে ১০ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের ২৬টি অপারেটরের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। যেসব অপারেটর নোটিশের জবাব দিলেও তথ্য আপলোড করতে ব্যর্থ হয়েছে তাদের বেশি জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিভাগীয় পর্যায়ের একটি অপারেটরকে ৪০ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের ১৩টি অপারেটরের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া, শুরুতে জবাব না দিলেও পরবর্তীতে তথ্য আপলোড করা দু'টি অপারেটরকে ৩ হাজার ৭৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, যেসব অপারেটর নোটিশের জবাবও দেয়নি এবং তথ্যও আপলোড করেনি এমন ১৯টি অপারেটরকে আরও উচ্চ হারে জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিভাগীয় পর্যায়ের দু'টি অপারেটরের প্রত্যেককে ৫০ হাজার টাকা, জেলা পর্যায়ের দু'টি অপারেটরের প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের ১৫টি অপারেটরের প্রত্যেককে ৬ হাজার ২৫০ টাকা করে জরিমানা করা হয়।

কমিশন নিবন্ধিত গ্রুপের বাইরে থাকা অপারেটরদের মধ্যেও ডিআইএস খেলাপিদের চিহ্নিত করেছে। এক্ষেত্রে জরিমানার পরিমাণ দেশব্যাপী একটি অপারেটরের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, বিভাগীয় পর্যায়ের অপারেটরদের জন্য ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা, জেলা পর্যায়ের অপারেটরদের জন্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের অপারেটরদের জন্য ৬ হাজার ৭৫০ থেকে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। খেলাপি সব অপারেটরকে আগামী ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে লাইসেন্স বাতিলের জন্য তাৎক্ষণিক আইনি প্রক্রিয়া শুরু করা হবে। এরমধ্যেই 'জিরোটেক অনলাইন' তাদের লাইসেন্স সারেন্ডার করেছে, অন্যদিকে বারবার নোটিশের জবাব না দেওয়ায় 'এম বি ক্লিয়ার নেট'-এর বিরুদ্ধে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া বিবেচনা করা হচ্ছে।

পাশাপাশি, দেশের একমাত্র এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেড'-এর বিরুদ্ধে মোট ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকার পুঞ্জীভূত বকেয়ার দায়ে ব্যবস্থা নিয়েছে কমিশন। এই বকেয়ার মধ্যে পরিশোধ না করা রাজস্বের অংশ (রেভিনিউ শেয়ার), বিলম্ব ফি, ভ্যাট, সার্ভিস অবলিগেশন ফান্ডের পাওনা এবং সংশ্লিষ্ট বিলম্ব ফি অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটিকে এর আগে কমিশনের ৩০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২টি মাসিক কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করতে পারেনি। ফলে কমিশন প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে, যা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে মূল বকেয়া আদায়ের বিষয়টি কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে পাঠানো হয়েছে। পৃথক আরেকটি সিদ্ধান্তে, বিটিআরসি'র পূর্বানুমোদন ছাড়া 'সাইক্লোন প্রজেক্ট'-এর আওতায় রোমান্স এবং সান-সহ তৃতীয় পক্ষের সাথে প্ল্যাটফর্ম ও সেবা চুক্তি করার দায়ে এনটিটিএন অপারেটর 'ফাইবারঅ্যাটহোম লিমিটেড'-কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৬৫(৫) ধারা অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে এবং তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।

কমিশন আইপিটিএসপি খাতের বকেয়া লাইসেন্স ও বার্ষিক ফি আদায়ের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে, যেখানে মোট বকেয়ার পরিমাণ ৩৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৩৬ টাকা। এরমধ্যেই ১৮টি আইআইটিএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বকেয়া টাকা আদায়ের জন্য 'ডিজিটাল কানেক্টিভিটি লিমিটেড' (বকেয়া ৮ কোটি ৭৯ লাখ টাকা) ও 'আইডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড' (বকেয়া ২১ কোটি ২১ লাখ টাকা)-এর বিরুদ্ধে আইনি সার্টিফিকেট মামলা (পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্টের অধীনে) দায়ের করা হয়েছে। পাশাপাশি, বকেয়া থাকা সচল আইপিটিএসপি অপারেটর— আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং সরকার কমিউনিকেশন-এর ব্যান্ডউইথ সক্ষমতা তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার (ব্যান্ডউইথ ক্যাপ) নির্দেশ দিয়েছে কমিশন। বিটিআরসির এই সিদ্ধান্তগুলো টেলিযোগাযোগ শিল্পের বিভিন্ন খাতে নিয়ন্ত্রক প্রতিবেদন জমা দেওয়া, আর্থিক দায়বদ্ধতা, লাইসেন্সের শর্তাবলী এবং সেবা পরিচালনার ক্ষেত্রে একটি কঠোর অভিযানের প্রতিফলন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত