
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। তাদের মদদেই গত তিন-চার দিনের মধ্যে বিএনপির তিনজন নেতাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গতকাল বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।
রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দেশের ভেতরেও তাদের অনেক টাকা রয়েছে। সেই অর্থ দিয়ে সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপি নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হচ্ছে।
তিনি বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্যরাও হামলার শিকার হচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা করা হয়েছে এবং এবি পার্টির মঞ্জুর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে প্রতিবেশী দেশ থেকে মদদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, পত্রিকায় দেখেছি, তিনি ডিসেম্বরে ফিরবেন। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইলে এ ব্যাপারে ক্ষুদে বার্তা ছিল। তাকে গ্রেপ্তারের পর সেটা দেখা গেছে। ভেতরে ভেতরে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার একটা লাশ দরকার, সেই লাশ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলতে চান। কিন্তু আমরা তো শেখ হাসিনার মতো আচরণ করতে পারি না। একটা স্থিতিশীল পরিবেশ আমাদের রক্ষা করতে হবে, যাতে আর কখনও ফ্যাসিবাদের উত্থান না হয়। সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নিরাপত্তা যত বাড়বে, মানুষ ও সমাজ তত স্থিতিশীল হবে।
মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আমলের ১৭ বছরের বড় একটা অংশ তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের বেডে শুয়ে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাকে নিবৃত করার জন্য তার যশোরের বাড়িতে বোমাবাজি পর্যন্ত করা হয়েছে। তিনি বলেন, তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ধ্রুপদি চরিত্রকে আমাদের স্মরণে রাখতেই হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।