ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি

নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা। কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে 'চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা' উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার থেকে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি শুরু হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন একটি ওয়ার্ডে নাগরিক সমাবেশের আয়োজন করা হবে।

সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দলমত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। একটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা, সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিও চলবে।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা উত্তর জামায়াতের আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়ের আলোকে একটি নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা; কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমার বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠ পর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন কোনো ব্যবধান তৈরি না হয়। সরকারের দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেই বলে দাবি করেন তিনি।

প্রতিটি সহিংসতা ও নাশকতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সেলিম উদ্দিন বলেন, জাতির এ সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চিন্তাধারা দিয়ে বাংলাদেশকে কখনো পরিবর্তন করা যাবে না।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত