ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানের ৫৯০ শহিদের স্মৃতিস্মারক নিয়ে উন্মুক্ত প্রদর্শনী

২৮ ও ২৯ নভেম্বর জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ বিশেষ প্রদর্শনী
জুলাই গণঅভ্যুত্থানের ৫৯০ শহিদের স্মৃতিস্মারক নিয়ে উন্মুক্ত প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানের ৫৯০ জন শহিদের স্মৃতিস্মারক সবার জন্য উন্মুক্ত প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরস্থ মনসুন থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটি ছিল ফ্যাসিবাদবিরোধী রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান। শহিদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মুক্ত বাংলাদেশে কথা বলতে পারছি। শহিদদের এ মহান অবদান যেন জাতি কখনোই ভুলে না যায়, সেই স্মৃতিকে সদা জাগ্রত রাখতেই আমাদের এ আয়োজন।

তিনি জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে হবে 'উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬' শীর্ষক এ বিশেষ প্রদর্শনী। উভয় দিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৫৬ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থান সংকুলান না হওয়ায় মাত্র ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহশালায় ইতোমধ্যে ৫৯০ জন শহীদের স্মৃতিচিহ্ন জমা পড়েছে। এবারের দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীতে সেই ৫৯০ জন শহিদের ২ হাজারেরও বেশি ব্যক্তিগত স্মৃতিস্মারক ও ব্যবহার্য সামগ্রী সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হবে।

প্রদর্শনীতে স্থান পাচ্ছে শহীদদের রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতো, জায়নামাজ, তসবিহ, টুপি, চশমা, স্কুল ও কলেজের ব্যাগ, সাইকেল এবং মুঠোফোন। এ ছাড়া শহীদ সাংবাদিক ও আলোকচিত্রী তাহির জামান প্রিয়র ব্যবহৃত ক্যামেরা ও নতুন একজোড়া জুতোসহ সাধারণ রিকশাচালক, শিক্ষার্থী, শিশু রিয়া গোপ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার শহীদদের আত্মত্যাগের অনন্য সব নিদর্শন এখানে প্রদর্শন করা হবে।

প্রদর্শনীর পেছনের প্রেক্ষাপট ও আবেগ প্রসঙ্গে মহাপরিচালক এহসান মাহমুদ প্রদর্শনীর পেছনের তাগিদ তুলে ধরে বলেন, প্রতিদিনই শহীদদের মা-বাবা, ভাই-বোন ও স্বজনেরা জাদুঘরে আসেন। সম্প্রতি এক শহীদের মা এসে প্রশ্ন করেছিলেন— 'আমার সন্তানের জিনিসগুলো কি শুধু লকারে বন্দি রাখার জন্য নিয়ে এসেছেন?' মায়ের এ কথাই আমাদের পুরো টিমকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। গ্যালারির সীমিত পরিসরের বাইরে এসে জাদুঘরের ১৭ দশমিক ৬১ একরের বিশাল উন্মুক্ত প্রাঙ্গণে বড় পরিসরে শহীদদের সব স্মারক মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিই আমরা। তিনি আরও জানান, অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহে জাদুঘরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং এতে ব্যাপক সাড়া মিলছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নেওয়ার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান সম্মতি জ্ঞাপন করেছেন। এ ছাড়া এরইমধ্যে ৪০টিরও বেশি শহীদ পরিবারের সদস্যরা এ প্রদর্শনীতে উপস্থিত থেকে তাদের শহীদ স্বজনদের বীরত্ব ও স্মৃতিচারণ করবেন বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত