ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

হাঁস পালন ও সবজি চাষে বদলাচ্ছে উপকূলের নারীদের ভাগ্য

হাঁস পালন ও সবজি চাষে বদলাচ্ছে উপকূলের নারীদের ভাগ্য

একসময় সংসারের কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল উপকূলের অধিকাংশ নারীর জীবন। পরিবারের পুরুষ সদস্যদের ওপর নির্ভর করেই চলত তাদের দৈনন্দিন জীবনযাপন। সংসারের বাইরে আয়-রোজগারের সুযোগ ছিল খুবই সীমিত। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিত্র। বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস পালনের মতো আয়মূলক কাজে যুক্ত হচ্ছেন নারীরা। নিজেদের পরিশ্রমে তৈরি করছেন উপার্জনের পথ। এতে একদিকে পূরণ হচ্ছে পরিবারের পুষ্টির চাহিদা, অন্যদিকে সংসারে যুক্ত হচ্ছে বাড়তি আয়। এমন উদ্যোগে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকার অসহায় ও দুস্থ নারীরা।

কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামের বিধবা নারী হাসিনা বেগম। স্বামীহারা হওয়ার পর সংসারের দায়িত্ব সামলাতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। সীমিত সামর্থ্যে সংসার চালানো ছিল কঠিন। তবে এখন বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস পালনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। বসতভিটায় তৈরি করেছেন ছোট ছোট সবজি বাগান। সেখানে চাষ করছেন বিভিন্ন জাতের শাকসবজি। পাশাপাশি পালন করছেন খাকি ক্যাম্বেল জাতের হাঁস। সবজি ও হাঁস থেকে আয় করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তিনি। হাসিনা বেগম বলেন, আগে সংসার চালাতে অনেক কষ্ট হতো। নিজের আয়ের তেমন কোনো ব্যবস্থা ছিল না। এখন সবজি বীজ ও হাঁস পেয়ে বাড়িতেই কাজ করার সুযোগ হয়েছে। পরিবারের জন্য নিজের উৎপাদিত সবজি পাচ্ছেন। বাড়তি সবজি বিক্রি করেও কিছু টাকা আয় করতে পারছেন। হাঁসগুলো থেকে ডিম ও বাচ্চা বিক্রি করে ভবিষ্যতে আয় আরও বাড়ানোর আশা করছেন তিনি।

হাসিনা বেগমের মতো কলাপাড়ার উপকূলীয় এলাকার অনেক নারী এখন হাঁস পালন ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তাদের অনেকেই বসতভিটার অব্যবহৃত জায়গায় আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করছেন। লবণাক্ত মাটির প্রতিকূলতা মোকাবিলায় ব্যবহার করছেন জৈব সার। ছোট ছোট বেড তৈরি করে লাগানো হচ্ছে বিভিন্ন জাতের শাকসবজি। উৎপাদিত সবজি দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত অংশ বাজারে বিক্রি করছেন তারা। এতে পরিবারের খাবারের খরচ কমার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগও তৈরি হয়েছে। এসব নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সংস্থাটির 'অ্যাসিসট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট' (এএসডি) প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার চম্পাপুর ও চাকামইয়া ইউনিয়নের আটটি গ্রামের মোট ২৪৪টি অসহায় পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে চম্পাপুর ইউনিয়নের উত্তর মাছুয়াখালী, উত্তর পূর্ব মাছুয়াখালী, দক্ষিণ মাছুয়াখালী ও পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের ১২৪টি পরিবার এবং চাকামইয়া ইউনিয়নের মধ্য নিশানবাড়ীয়া, পূর্ব চাকামইয়া, গারীবুনিয়া ও বেতমোর গ্রামের ১২০টি পরিবার রয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে দেওয়া হয়েছে ১২টি করে খাকি ক্যাম্বেল হাঁস। পাশাপাশি মৌসুমভিত্তিক বছরে দুইবার সরবরাহ করা হচ্ছে ১৫ থেকে ১৬ প্রকার উন্নতমানের বিভিন্ন জাতের সবজি বীজ, কীটনাশক ফাঁদ ও প্রয়োজনীয় ওষুধ।

এসব উপকরণ কাজে লাগিয়ে নারীরা নিজেদের বাড়ির আঙিনায় সবজি উৎপাদন এবং হাঁস পালনের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ পাচ্ছেন। হাঁস পালনের মাধ্যমে স্বল্প সময়ে আয় বাড়ানোর সম্ভাবনা তৈরি হওয়ায় নারীদের মধ্যে এ উদ্যোগ সাড়া ফেলেছে। এরইমধ্যে অনেক সুবিধাভোগীর হাঁস ডিম দিতে শুরু করেছে। কেউ কেউ ডিম বিক্রি করে আয় করছেন। আবার হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে বিক্রির মাধ্যমেও অর্থ উপার্জন করছেন। কোনো কোনো সুবিধাভোগী হাঁস পালন থেকে পাওয়া অর্থ দিয়ে নিজ উদ্যোগে আরও হাঁস কিনেছেন। ফলে তাদের মধ্যে হাঁস পালনের আগ্রহ দিন দিন বাড়ছে।

সুবিধাভোগী নিলুফা বেগম বলেন, হাঁস পাওয়ার পর থেকে তার মধ্যে নতুন করে আয় করার আগ্রহ তৈরি হয়েছে। হাঁসের খাবার ও যত্ন নেওয়ার পাশাপাশি সেগুলোর ডিম থেকে আয় করার সুযোগ তৈরি হয়েছে। হাঁসের সংখ্যা বাড়িয়ে ভবিষ্যতে আরও বেশি আয় করতে চান তিনি।

আরেক সুবিধাভোগী পুষ্প বেগম বলেন, আগে বাড়ির আঙিনা অনেকটাই অব্যবহৃত পড়ে থাকত। এখন সেখানে বিভিন্ন জাতের সবজি চাষ করছেন। এতে পরিবারের সদস্যদের জন্য বাজার থেকে সবজি কেনার খরচ কমেছে। উৎপাদিত সবজির বাড়তি অংশ বিক্রি করে কিছু টাকা আয় করতে পারছেন। এই আয় সংসারের খরচ মেটাতে সহায়তা করছে। স্থানীয় নারীরা জানান, একজনকে সবজি চাষ ও হাঁস পালনে সফল হতে দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন। বিশেষ করে বাড়ির আঙিনায় অল্প জায়গা ব্যবহার করে সবজি উৎপাদন এবং হাঁস পালনের মাধ্যমে আয় করার সুযোগ তাঁদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। অনেকেই এখন নিজেদের উদ্যোগে সবজি বাগান গড়ে তোলা ও হাঁস পালনের পরিকল্পনা করছেন। তবে উপকূলীয় এলাকায় সবজি চাষের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ মাটির লবণাক্ততা। এ কারণে অনেক সময় প্রত্যাশিত ফলন পাওয়া যায় না। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুবিধাভোগীদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে বীজ নির্বাচন, বেড পদ্ধতিতে চাষ, জৈব সার ব্যবহার ও গাছের পরিচর্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

পাশাপাশি কীটপতঙ্গ দমন এবং রোগবালাই প্রতিরোধের কৌশলও শেখানো হয়েছে। কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার বলেন, উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা সবজি উৎপাদনের ক্ষেত্রে বড় সমস্যা। তবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ, জৈব সার ব্যবহার এবং উপযোগী জাতের বীজ নির্বাচন করতে পারলে বাড়ির আঙিনায় ভালো সবজি উৎপাদন সম্ভব। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চাষপদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তারা নিজেদের বসতভিটায় সবজি উৎপাদন করতে পারলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করতে পারবেন। অন্যদিকে হাঁস পালনের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাঁসের খাবার, বাসস্থান, রোগ প্রতিরোধ ও পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়। হাঁস বিতরণের সময় উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ ও সবল হাঁস সরবরাহ করা হয়েছে। এতে হাঁস পালনের শুরু থেকেই প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন সুবিধাভোগীরা। ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নারীদের এমন আয়মূলক কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা তারা নিজেদের বাড়িতে থেকেই করতে পারেন। সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয় করার সুযোগ তৈরি হচ্ছে। একইভাবে হাঁস পালন থেকে ডিম ও বাচ্চা বিক্রির মাধ্যমে আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা কাজে লাগিয়ে পরিবারগুলো দীর্ঘমেয়াদে আরও লাভবান হবে বলে আশা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সীমিত। বিশেষ করে বিধবা, অসহায় ও দরিদ্র নারীদের জন্য বাড়ির বাইরে গিয়ে কাজ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত