
সার্ক কৃষিকেন্দ্র, ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস) এবং হারভেস্টপ্লাস সলিউশন্সের যৌথ উদ্যোগে 'দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন' শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় দক্ষিণ এশিয়ার সার্ক সদস্য রাষ্ট্রসমূহের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনকে একটি টেকসই কৌশল হিসেবে এগিয়ে নিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করছেন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক ও অন্যান্য অগ্রাধিকারবিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম। সম্মানিত অতিথি ছিলেন নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিলবিষয়ক পরিচালক তানভীর আহমদ তরফদার। সার্ক কৃষিকেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব স্বাগত বক্তব্য প্রদান করেন। সার্ক কৃষি কেন্দ্রের ফসলবিষয়ক সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. সিকান্দার খান তানভীর কর্মশালার উদ্দেশ্য ও কর্মসূচির সারসংক্ষেপ উপস্থাপন করেন।
বাংলাদেশে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) পোর্টফোলিও লিড ও মূল প্রবন্ধ উপস্থাপক ড. আশেক মাহফুজ 'দক্ষিণ এশিয়ার পুষ্টি সমস্যা মোকাবিলায় পুষ্টিসমৃদ্ধ ফসল: একটি কৌশলগত পথ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অধিবেশনে আরও বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র গ্রোভার এবং কাজাখস্তানের আস্তানায় অবস্থিত ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির মহাপরিচালক রাষ্ট্রদূত বেরিক আরিন। তারা দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে আঞ্চলিক অংশীদারিত্ব, গবেষণা সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।