
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব উপশাখার অংশগ্রহণে আয়োজিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- চট্টগ্রাম অঞ্চল’। গত শনিবার চট্টগ্রাম শহরস্থ চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিজনেস কনফারেন্স।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মঞ্জুরুল মুমিন এবং চট্টগ্রাম অঞ্চলের সব উপশাখার কর্মকর্তারা। অনুষ্ঠানে মো. মেহমুদ হোসেন তার বক্তব্যে বলেন, ‘আইএফআইসি ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকদের আস্থা এবং মাঠপর্যায়ে কর্মরত নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের নিরলস পরিশ্রম’। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে উপশাখাগুলো গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে চট্টগ্রাম অঞ্চলে আইএফআইসি ব্যাংক গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি