
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়। সাব ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি হস্তান্তর করেন। এ সময় বেবিচকের বিভিন্ন সদস্য ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রস্তাবের সঙ্গে কারিগরি ও আর্থিক-দুটি পৃথক নথি জমা দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটি নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করবে। মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, প্রথমে কারিগরি প্রস্তাব মূল্যায়ন করা হবে। এতে উত্তীর্ণ হলে আর্থিক প্রস্তাব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা শেষে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সমঝোতা সফল হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হবে।
বেবিচক জানিয়েছে, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের এভিয়েশন খাতের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প।