
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ (MA) এবং এমএসএস (MSS) প্রোগ্রাম (প্রিলিমিনারি ও ফাইনাল)-এর পরীক্ষা গতকাল শুক্রবার থেকে শুরু হয়। দেশব্যাপী ১২টি আঞ্চলিক কেন্দ্রের অধীন নির্ধারিত কেন্দ্রসমূহে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব বিষয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। সূচি অনুযায়ী, এমএ এবং এমএসএস ১ম সিমেস্টার প্রিলিমিনারি (২৫১ টার্ম), ২য় সিমেস্টার প্রিলিমিনারি (২৪২ টার্ম) এবং ২য় সিমেস্টার ফাইনাল (২৩২ টার্ম)-এর পরীক্ষাগুলো প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ পরীক্ষাগুলো ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস বাউবি গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এমএ (MA) এবং এমএসএস (MSS) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের এমএ এবং এমএসএস প্রোগ্রামের ১ম ও শেষ পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা বাউবি’র গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি