
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর গলিত লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মুগদা থানায় মামলাটি করেন তাঁর ভাই তানিম হোসেইন শাওন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মুগদা থানা–পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, তানভীর হোসেইন দীর্ঘদিন ধরে একাকী জীবন যাপন করছিলেন। ২০১২ সালে স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। তারপর আর বিয়ে করেননি তিনি। তাঁর কোনো সন্তানও নেই। দীর্ঘ সময় একা থাকার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাড়ির মালিক ঈদের দিন (২৮ মে) সবশেষ তাঁকে ওই বাসায় দেখেছিলেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন। তানভীর হোসেইনের ভাই তানিম হোসেইন শাওন প্রথম আলোকে বলেন, তানভীরের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত অন্যকিছু সন্দেহ করার মতো উপাদান পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আর তাঁর সঙ্গে পরিবারের সবশেষ যোগাযোগ হয়েছিল ঈদের আগের দিন (২৭ মে)।