
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৪ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের মধ্যে ৭৬ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর সোয়া ২টায় ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ১৮ জন শিক্ষার্থী ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে গঠিত চার সদস্যের কমিটি বুধবার বেলা ১১টায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, চিকিৎসাধীন বাকি ১৮ জন শিক্ষার্থীর সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। রোগীদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইসিইউতে থাকা চারজনের মধ্যে ইউসুফ (২০) নামে এক শিক্ষার্থীর অবস্থার উন্নতি হওয়ায় তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। তবে আজিজুল ইসলাম সিয়াম (১৪) নামের অপর এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। অপরদিকে, তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি আওতায় থাকবে। এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্থোতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দ্থোতলার লাইব্রেরি কক্ষটি পুড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ভবনজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রায় ১৩০০ শিক্ষার্থীর ওই আবাসিক মাদ্রাসায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ও ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন।