
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করাই প্রকৌশল শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবেও গড়ে উঠতে হবে। তিনি বলেন, মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র- সবার জন্যই কল্যাণকর হবে। আজ রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীর প্রয়োজন রয়েছে। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন খাত ও পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি