
খুলনায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতর ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে নগরের দৌলতপুরে বিএল (ব্রজলাল) কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তারা হলেন- লোকমান হেকিম ও আলম শেখ। এর মধ্যে হেকিম জ্বালানি তেলের ব্যবসায়ী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর আহত আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তরা মসজিদে ঢুকে গুলি চালায়। এতে লোকমান গুরুতর আহত হন। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।