
ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা অধিকতর শক্তিশালী ও টেকসই করার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সে লক্ষ্যে কমিটি গঠন করেছে সংস্থাটি। গতকাল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন। তিনি জানান, ওয়ার্ডভিত্তিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী, কর্মীদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা, বিদ্যমান বর্জ্য সংগ্রহ পদ্ধতির উন্নয়ন, নতুন বর্জ্য সংগ্রহসহ নানান বিষয়ে অধিকতর শক্তিশালী ও টেকসই করার জন্য এই কোর গ্রুপ গঠন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির গ্রুপ লিডার হয়েছেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং উপগ্রুপ লিডার হয়েছেন ডিএনসিসির উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এছাড়া বাকি সদস্যরা হলেন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ডিএনসিসির ১ থেকে ১০ সব অঞ্চলের প্রতিটির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের (মোট ১০ জন) এই কমিটিতে রাখা হয়েছে। কুতুবখালী খালে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসির নতুন উদ্যোগ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুতুবখালী খালে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। সে লক্ষ্যে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি। গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবু আসলাম একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন। তিনি জানান, এই কমিটি কুতুবখালী খালে স্থানীয় জনগণ কর্তৃক বর্জ্য ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া স্বেচ্ছাসেবীদের নিয়ে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসি অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে অঞ্চল ৫ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। এছাড়া কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন-বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, পরিচ্ছন্নতা পরিদর্শক, সমাজসেবক, ছাত্র, সাংবাদিক, বিডি ক্লিন সদস্য।