ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মিরপুর মেট্রোরেল স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিরপুর মেট্রোরেল স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেল এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা এবং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান হয়। অভিযানে ডিএমটিসিএলকে সহযোগিতা দিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএমটিসিএল সূত্র জানায়, অভিযানকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সব ধরনের অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হয়েছে। মেট্রোরেল স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে স্টেশন এলাকা পুনরায় দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত