
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গত মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার-ভিডিপি সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনগুলোতে বাহিনীর পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। এ সময় মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে বাহিনীর মহাপরিচালককে ফুল দিয়ে বরণ করা হয় এবং উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও পূজা উদযাপন কমিটিকে প্রীতি উপহার প্রদান করা হয় এবং ফুল দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সারাদেশের পূজামণ্ডপে ডিউটিরত আনসার-ভিডিপি সদস্যদের অনবদ্য দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। দুর্গাপূজায় দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণকারী টিডিপি সদস্য কুড়িগ্রামের লিমন শেখ (২২); গাইবান্ধার ভিডিপি সদস্যা পারভীন (৪৬) এবং টাঙ্গাইলের ফিরোজ খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি