ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম মেডিকেল

ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না

চসিক প্রশাসক
ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজন হলে আর্থিক সহায়তা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ডায়ালাইসিস সেবা বন্ধ না করে রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত 'দ্য স্টাডি লাউঞ্জ' ও 'দ্য প্রেয়ার হল'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সবাই মিলে চাই, রোগীরা যেন প্রয়োজনীয় সেবা পেতে থাকেন। কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। তিনি বলেন, ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. শাহাদাত বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। সবাই নিজ-নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।

ক্রমবর্ধমান কিডনি রোগীদের কথা বিবেচনা করে ২০১৭ সালে পিপিপির আওতায় ভারতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিস লিমিটেডের সঙ্গে ১০ বছরের চুক্তি করে সরকার। ৩১টি মেশিনের মাধ্যমে চমেক হাসপাতালে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছিল। সরকার চুক্তি নবায়ন না করায় গতকাল বৃহস্পতিবার থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা। এ অবস্থায় গত বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চিকিৎসাধীন রোগীরা সেবাটি চালু রাখার দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত