ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রের কালি তুলে আঁকা শুরু

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রের কালি তুলে আঁকা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষ্যে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বিকৃত করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, বিশ্ব বরেণ্য কবির প্রতিকৃতিতে কালি লেপন অসম্মানজনক ও বিদ্বেষমূলক। বিকৃত প্রতিকৃতিটি আবারও আঁকা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে বিকৃত দেয়ালচিত্রটি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক।

এ সময় তিনি বলেন, মানুষের পছন্দ-অপছন্দ থাকতে পারে। তবে তা প্রকাশ করতে গিয়ে এমন কোনো কাজ করা উচিত নয়, যা অন্যের প্রতি অসম্মান প্রদর্শন করে ও জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা বিদ্বেষ ছড়ায়। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। রাজনৈতিক প্রতিহিংসা যেন কোনোভাবেই চিত্রকর্মের ওপর আঘাত না হানে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মিনা মিজানুর রহমান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল একেকজন একেকটি প্রতিষ্ঠান। হাজার হাজার বছরেও একজন রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীন কিংবা এস এম সুলতানের জন্ম হয় না। তাদের ছবি মুছে ফেললে তাদের অস্তিত্ব মুছে যায় না; বরং এতে জাতি হিসেবে আমাদের পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি হয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কারা, কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা জানা যায়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজ খবর শুরু করেছে। এরআগে শুক্রবার শিববাড়ী মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিকৃতির মাথার কাছে সাঁটানো হয় দু'টি পোস্টার। সেগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে অভিযোগ তোলার পাশাপাশি ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য লেখা রয়েছে। একটি পোস্টারে লেখা, 'তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশীর ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।'

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত