
তথ্য পাওয়ার অধিকারকে জনগণের মৌলিক মানবাধিকার বলে উল্লেখ করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর কার্যালয়ে আয়োজিত সিটি কর্পোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে 'তথ্য অধিকার আইন, ২০০৯' শীর্ষক এক সেশনে তিনি এ কথা বলেন।
সেশনে প্রধান তথ্য কমিশনার 'তথ্য অধিকার আইন, ২০০৯'-এর মূল বিষয়বস্তু, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা এবং আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেননা এটি মানুষের অন্যতম একটি মৌলিক অধিকার। তাই সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় 'তথ্য অধিকার আইন, ২০০৯'-এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময়, তিনি জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধান তথ্য কমিশনার প্রশিক্ষণার্থীদের আরও বলেন, এই প্রশিক্ষণ শেষে আপনারা তথ্য অধিকার আইন নিয়ে আরও বেশি সচেতন হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছি।