
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম জানান, শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসভবনের প্রবেশপথের ফটকে এই হামলা চালিয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেটের মধ্যে যেটা দেখে বুঝা গেল সম্ভবত কোন পলিথিন টাইপের কিছু একটা হয়তোবা জ্বালানি কেরোসিন দিয়ে থ্রো করে আগুনটা দিয়েছে গেটের মধ্যে।
পরে হয়তো আগুন ধরে ওই পলিথিন পোড়া শেষ হইছে এবং আগুন শেষে পলিথিনের ছাই নিচে পড়ে আছে।
পুলিশ জানায়, কাপড় জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এই বাসায় অবস্থান করেন। এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় যান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী,সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সহ বিএনপির নেতৃবৃন্দরা।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।