
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলায় 'এসএমই সলিউশন ক্লিনিক' নামে পরামর্শ কেন্দ্র চালু করছে ব্র্যাক ব্যাংক। এ ক্লিনিকে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান পরামর্শ নিতে পারবেন। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ ক্লিনিক। প্রতিদিনের সেশন সাজানো হয়েছে বিশেষ বিশেষ থিমে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বিজনেস স্ট্র্যাটেজিস্ট এবং ব্র্যাক ব্যাংকের এসএমই বিশেষজ্ঞরা সেশনগুলো পরিচালনা করবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছর দেশের সবচেয়ে বড় এ এসএমই পণ্য প্রদর্শনীর আয়োজন করে আসছে। সাত দিনের এ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে একটি সহনশীল এসএমই ইকোসিস্টেম গড়ে তুলতে চায় ব্র্যাক ব্যাংক। সম্ভাবনাময়, উদীয়মান কিংবা প্রতিষ্ঠিত, সব পর্যায়ের উদ্যোক্তাই এখানে ব্যবসা সম্প্রসারণের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন। মেলায় আসা দর্শনার্থীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ নিতে ক্লিনিকটিতে আসার আমন্ত্রণ জানিয়েছে ব্যাংকটি। ২২ নভেম্বর মেলার প্রথম দিনে উদ্যোক্তারা 'উদ্যোগ প্রোগ্রাম'-এ আবেদনের প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে দিকনির্দেশনা পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি