
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি'র ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে ২০-২১ নভেম্বর রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী ১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ আন্তর্জাতিক সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক, ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনের সহযোগী (পার্টনার অর্গানাইজেশন) হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস' শীর্ষক এ সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। ২০ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন, এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি