
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ২৩তম কাউন্সিল সভা এবং ১৯তম গ্রাজুয়েশন সেরিমনি গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে অবস্থিত এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিল অব এমআইএসটির সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। এমআইএসটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ২৩তম কাউন্সিল সভায় প্রতিষ্ঠানের সামগ্রিক একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাউন্সিল সভা শেষে প্রধান অতিথি এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত সহযোগিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। নবনির্মিত এই স্পোর্টস কমপ্লেক্স শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি