
কৃষিগবেষণার সুফল সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষির প্রসার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাংগায় 'প্রযুক্তিগ্রাম' উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির অধিক কৃষিপ্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাতের মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে একটি আদর্শ কৃষিনির্ভর গ্রাম গড়ে তোলা এবং তা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ প্রযুক্তিগ্রামের মাধ্যমে এলাকার কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তাদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে স্থানীয়দের কৃষিবিষয়ক সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা, আধুনিক চাষাবাদ পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়া এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি গবেষক, কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি