ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক

ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক

সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযানে ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার। রোববার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আলমুকিত এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় একজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর দুপুর ১২টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি কাঠের নৌকা এবং ডাকাতদের কাছে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর মধ্যরাত ১টায় খুলনার দাকোপ থানাধীন মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত