
দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার ঘোষণা দিয়ে গত রোববার থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
এর আগে ২ ফেব্রুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৩ হাজার ৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।