
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি এবং বেসিক ব্যাংক পিএলসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বেসিক ব্যাংক পিএলসি সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে। এর ফলে বেসিক ব্যাংকের মাধ্যমে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে যেকোনো ব্যক্তি সহজেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি/চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি, চালান ফি ইত্যাদি পরিশোধ করতে পারবেন। গতকাল মঙ্গলবার, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান এবং সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি